মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজের ঘটনার পর থেকে অনেক অভিভাবকই ভয়ে তাদের সন্তানদের স্কুল এবং মাদ্রাসায় পাঠাতে সাহস পাচ্ছেন না। দ্রুত নিখোঁজ শিশুদের উদ্ধার এবং এই ঘটনার পেছনে কোনো চক্র জড়িত কি না, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ১নং বানিয়াচং উত্তর-পূর্ব অন্তর্গত ‘দারুল হিকমা মাদ্রাসা’র তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার (১০) আনুমানিক রাত ৮টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও ফারিয়ার কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারে চলছে চরম উদ্বেগ ও কান্নার রোল। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। ফারিয়া নিখোঁজের রেশ কাটতে না কাটতেই বানিয়াচংয়ের মজলিশপুর গ্রামের মাদ্রাসা পড়ুয়া আরেকটি শিশু আশরাফুল আলম হামজা (১৩) নিখোঁজ হয়। স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শিশু নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে।
স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, শিশুরা এখন বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে। ছাত্র-ছাত্রীরা আতঙ্কে বিদ্যালয়ে যেতে যাচ্ছে না। এই পরিস্থিতিতে এলাকার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা নিখোঁজ শিশুদের দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারসহ এই রহস্যজনক নিখোঁজের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য বানিয়াচং থানা পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।