নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামে গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নিজ বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিয়া আক্তার মানসিকভাবে অসুস্থ ছিলেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও পুলিশ। সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন। তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার পানিতে ঝাঁপ দিয়ে বা ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। রোববার সকালে বাড়ির পাশের নদীর পানিতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই কাজল দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। ঘটনাটি নিশ্চিত করে এসআই কাজল দেব বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।