স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের রিজার্ভ এলাকা থেকে পাচারের সময় চার টুকরো সেগুন গোল কাঠ আটক করেছে বন বিভাগের দুটি বিটের যৌথ অভিযানকারী দল। এ সময় কাঠ বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ভ্যানও জব্দ করা হয়।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শালটিলা ও জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন শালটিলা বন বিটের ফরেস্ট মোহাইমিনুল সানী ও জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের ফরেস্ট জহিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর বন বিট সংলগ্ন রিজার্ভ এলাকা থেকে চার টুকরো সেগুন গোল কাঠ পাচারের সময় ভ্যানসহ কাঠগুলো আটক করা হয়। আটক কাঠের পরিমাণ প্রায় ৫.৩৫ ঘনফুট বলে জানা গেছে। তবে অভিযোগ আছে কাঠ উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে বনদস্যুরা।
এদিকে স্থানীয় কয়েকজন সচেতন বাসিন্দার অভিযোগ, শাহজীবাজার ও রতনপুর বাজারসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে পাহাড়ি বনাঞ্চলের ছড়া থেকে রাতের আঁধারে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। তাদের দাবি, ভারী যানবাহনে করে বালু পরিবহনের কারণে বনাঞ্চলের টিলা ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও টিলা ধসে সংরক্ষিত গাছপালা পড়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বনাঞ্চল থেকে পড়ে যাওয়া গাছগুলো বিভিন্ন করাতকলে নিয়ে চেরাই করে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে বন ও পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বনাঞ্চল রায় অবৈধ বালু উত্তোলন ও কাঠ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।