মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আজমিরীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অবৈধভাবে সরকারি খাস ভূমি (চর) থেকে মাটি কেটে পরিবহনের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে আজমিরীগঞ্জ পৌর শহরের রামকৃষ্ণ মিশন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার কলিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজু চৌধুরী (২২), বাহুবল উপজেলার লস্করপুর মিরপুরের রহিম উল্লাহর ছেলে সুজন মিয়া (২৬), আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রিবাড়ি গ্রামের মুজাম্মিল মিয়ার ছেলে জসিম মিয়া (৩০) এবং একই ইউনিয়নের বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার ছেলে আস্সাদ মিয়া (৪৮)। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর শহরের বাঁশমহাল এলাকায় গত কয়েক দিন ধরে একটি চক্র নদীর পাড় সংলগ্ন চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি ট্রলি চালকসহ আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী আটক পাঁচজনকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে সংশ্লিষ্ট আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com