হবিগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের ইউনুছ আলীর ছেলে অলিউর রহমান অলি (৪২)।
আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান যাবজ্জীবন কারাদন্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে এ মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) মো. গুলজার আহমেদ খান। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রপক্ষ এ ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে দন্ডপ্রাপ্ত আসামী তার শাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণালংকার কেনার কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মরদেহটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজানুর রহমান বাদি হয়ে দন্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারী দন্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। রাষ্ট্রপক্ষে ১৬ জন সারি জবানবন্দি ও জেরা শেষে বিচারক গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।