স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মেরাশানি গ্রামে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বধূর নাম রুবিনা আক্তার (৩০)। সে ওই গ্রামের আজিজুল হক এর তৃতীয় স্ত্রী। ১০ বছর আগে তাদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক এর আগেও ২ বিয়ে করেছে। নিহত রুবিনার সাংসারিক জীবনে তাদের কোন সন্তান নেই। আর একটি বিয়ে করতে তৃতীয় স্ত্রী রুবিনাকে মারধোর এবং অনেক নির্যাতন করত। গতকাল সোমবার সকালে নিহত স্ত্রী রুবিনার লাশ আজিজুল হকের বাড়ীর পাশে অন্য একজনের বাড়ির আর একজনের লাকড়ি ঘরে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবু কালাম জানিয়েছেন, এটি আত্মহত্যা না পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।