স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড থেকে ফুঁ পার্টি সিন্ডিকেটের দুই সদস্যকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে জনতা। তারা হলো, ২নং পুল বহুলা গ্রামের মৃত নান্টু মিয়ার পুত্র মাদক ও চুরি, ছিনতাইয়ের একাধিক মামলার আসামি জুবেল মিয়া (৩৫), তার সহযোগী মোহনপুর এলাকার আব্দুল আওয়াল (৩০)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জজকোর্টের বার লাইব্রেরীর গেইটের সামনে এক রোগীর কাছ থেকে ফুঁ দিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। বিষয়টি কিছুক্ষণ পর বুঝতে পেরে ওই ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন আওয়াল ও জুবেলকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দিলে এএসআই লালনসহ পুলিশ তাদেরকে নিয়ে যায়। তবে টাকা এখনও উদ্ধার হয়নি।
এর আগেও জুবেল ও আওয়াল একই অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়। কিন্তু জামিনে বেরিয়ে এসেই তারা একই কাজে লিপ্ত হয়। এর আগে গত বুধবার সন্ধ্যায় এ চক্রের মূলহোতা মোহনপুর এলাকার আমির আলীর পুত্র বাবুল (৪০) ও বহুলা গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র রহমত আলী (৪৫) কে আটক করে থানায় দেয়া হয়। তারা বর্তমানে কারাগারে আছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।