লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে মারামারিতে গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম ছোওয়াব মিয়া ওরফে সইদা (৪৫)। তিনি লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের শিবপুর (ঘাঘটিয়া) গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় ছোওয়াব মিয়া ওরফে সইদার বসতবাড়ির সামনে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫) গংদের সঙ্গে মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে সইদা মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।