স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরশহরের বিভিন্ন হাট-বাজারে বিএসটিআইয়ের সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কেক, ব্রেড, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য। এসব পণ্যে কৃত্রিম রং ও তিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে এসব খাবার খেয়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের দাউদনগর বাজার রেলগেট, দাউদনগর বাজার, রেলওয়ে পার্কিং এলাকা, ড্রাইভার বাজার ও পুরানবাজারসহ বিভিন্ন স্থানে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। কিছু দোকানের ভেতরেই মেকিং মেশিন বসিয়ে এসব পণ্য তৈরি করা হচ্ছে। আবার কিছু বেকারি থেকে ভ্যানগাড়িতে করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, চায়ের দোকান, স্টেশনারি ও মুদি দোকানসহ পাড়া-মহল্লায় সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, এসব বেকারি পণ্যের অনেকগুলোর মান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। এমনকি মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি খাবারও বিক্রি করা হচ্ছে। এসব খাবার খেয়ে বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
খাদ্য নিরাপত্তা ও পণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ করে বেকারি পরিচালনার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না বলে অভিযোগ রয়েছে। পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার বাধ্যবাধকতাও অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে।
সরেজমিনে কয়েকটি বেকারি কারখানা ঘুরে দেখা যায়, উৎপাদনস্থলের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। তৈরি করা খাবার ট্রেতে সাজিয়ে রাখা হয়েছে। এসব খাবারের ওপর ঝাঁকে ঝাঁকে মাছি বসতে দেখা যায়। পণ্য তৈরিতে আটা, ময়দা, চিনি, ডিম, ডালডা, সোডা, তেল, কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান পরিচালিত হলেও নিয়মিত তদারকির অভাবে এসব অনিয়ম বন্ধ হচ্ছে না। জনস্বাস্থ্য সুরক্ষায় বিএসটিআই, জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নিয়মিত অভিযান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।