মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৪০ মাধবপুরে পাঠাগার আছে, পাঠক নেই হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেফতার নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের বিশেষ বরাদ্দ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ মাধবপুরে বন প্রহরীকে কুপিয়ে জখম ॥ ৩ জনের নামে মামলা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে হবিগঞ্জের দুইজনকে অন্তর্ভূক্ত করায় বানিয়াচংয়ে আনন্দ মিছিল চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি ফয়সলের নির্দেশ নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের বিশেষ বরাদ্দ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের বিশেষ বরাদ্দ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রোববার (১৪ জুন) আমড়াখাইর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কৃষক ও স্থায়ী বাসিন্দাদের পক্ষে হিমাংশু দাশসহ ১৯ জন কৃষকের স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গত ১১ জুন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জনপ্রতি ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণের জন্য যে তালিকা প্রস্তুত করা হয়, সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। বরং দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নাম তালিকাভুক্ত করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কয়েকটি ক্ষেত্রে কৃষকের নাম ইচ্ছাকৃতভাবে ভুল লিখে বাবার নাম ঠিক রেখে সরকারি বরাদ্দের টাকা ও চাল উত্তোলন করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এ ধরনের অন্তত চারটি নাম তালিকায় রয়েছে, যার মাধ্যমে সরকারি বরাদ্দ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। একটি ক্ষেত্রে শাহিদ তালুকদারের পরিবারের এক সদস্যের নাম ভিন্নভাবে উল্লেখ করে সরকারি সুবিধা গ্রহণের অভিযোগও তোলা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, শাহিদ তালুকদারের চাচাতো ভাই অলিলুর রহমান (খলিলুর রহমান), পিতা জুহুর আলী, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও তাকে ক্ষতিগ্রস্ত কৃষক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দেওয়া সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অনিয়ম সংঘটিত হয়েছে। ফলে প্রকৃত কৃষকরা সহায়তা না পেয়ে চরম হতাশা ও ক্ষোভের মধ্যে রয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।” এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় যদি কোনো প্রবাসীর নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে কিংবা প্রভাব খাটিয়ে স্বজনদের নাম তালিকাভুক্ত করা হয়ে থাকে, তাহলে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com