নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। একের পর এক অপরাধ সংঘটিত হলেও অধিকাংশ ঘটনায় জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে না পারায় জনমনে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শহরের রাজা কমপ্লেক্সে অবস্থিত একটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় দুই যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার বাম হাতে জখম হয়। পরে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার মাত্র ১শ গজ দূরত্বে সাংবাদিক এটিএম জাকিরুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টেলিভিশনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। একই রাতে শহরের ওসমানী রোড এলাকার তিনটি বাসায় চুরির ঘটনা ঘটে। সেখান থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া একই রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের গ্রিল কেটে দানবাক্সের টাকা চুরি করা হয়। অপরদিকে শহরের আল-করিম এলাকার ব্যবসায়ী কাজী হাসান আলীর অফিসের তালা ভেঙে নগদ অর্থ, সৌদি রিয়াল ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নহরপুর এলাকায় অবস্থিত নবীগঞ্জ স্নেহরপুর শাহজালাল দাখিল মাদ্রাসার পুরাতন ভবনেও চুরির চেষ্টা চালানো হয়। চোরেরা বৈদ্যুতিক তার চুরি করতে না পেরে ভবনের বাইরের সম্পূর্ণ ওয়্যারিংয়ের তার কেটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরেই নবীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। কিন্তু অধিকাংশ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে থানার অদূরে একের পর এক চুরির ঘটনা এবং জনবহুল এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের টহল ও নজরদারি কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাতের বেলায় পুলিশের টহল খুব একটা চোখে পড়ে না। অপরাধীরা বারবার একই ধরনের ঘটনা ঘটিয়েও ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থাহীনতা তৈরি হচ্ছে। শহরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সাম্প্রতিক চুরি-ছিনতাইয়ের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে। একই সঙ্গে শহরে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি দাবি জানান।