মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। গতকাল মঙ্গলবার (৯ জুন) বানিয়াচং উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, ওসি (তদন্ত) কবির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সহ-সভাপতি মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সম্পাদক জাহির হোসেন, মহিলা দলের সভানেত্রী তানিয়া খানম, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো: লুৎফুর রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি দেওয়ান শোয়েব রাজা এবং বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান।
সাংবাদিকদের পক্ষে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক এস এম খোকন ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম।
সভায় উপস্থিত বক্তারা বানিয়াচং উপজেলার মাদক ব্যবসা, স্থানীয় দাঙ্গা-হাঙ্গামা, বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতিসহ এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বক্তাদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বানিয়াচংয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, দাঙ্গা নিরসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে করণীয় নানা দিকনির্দেশনা ও আশ্বাস প্রদান করেন।