হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ থাইল্যান্ড ও ভিয়েতনামে পরিচিত বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সফলতার মুখ দেখেছেন বাহুবল উপজেলার কৃষক সেলিম মিয়া। প্রথমবার চাষ করেই বাজিমাত করেছেন তিনি। পেয়েছেন ভালো ফলন, হয়েছেন আর্থিকভাবেও লাভবান। তাঁর এই সাফল্য ইতিমধ্যে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করেছে।
বাহুবল উপজেলার ৫ নম্বর লামাতাশি ইউনিয়নের তঘলি গ্রামের বাসিন্দা সেলিম মিয়া দীর্ঘদিন ধরে ঝিঙ্গা, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি ও ফুলকপিসহ নানা ধরনের সবজি চাষ করে আসছেন। চলতি শীত মৌসুমে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে তিনি স্কোয়াশ চাষ শুরু করেন।
সেলিম মিয়া জানান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম তাঁকে স্কোয়াশ চাষে উদ্বুদ্ধ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর পরামর্শ অনুযায়ী প্রথমে বীজতলায় চারা উৎপাদন করে পরে জমিতে রোপণ করা হয়। রোপণের প্রায় দেড় মাসের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। গাছের বৃদ্ধি ও ফলন অনেকটা মিষ্টি কুমড়ার মতো।
তিনি আরও জানান, প্রায় ১৩ শতক জমিতে স্কোয়াশ চাষ করেছেন তিনি। জমি প্রস্তুত ছাড়া বীজ, সার ও কীটনাশকের জন্য আলাদা কোনো খরচ করতে হয়নি। এসব উপকরণ উপজেলা কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে কিছু স্কোয়াশ বিক্রি করেছেন এবং পুরো মৌসুমে ওই জমি থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “পরামর্শ ও নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে আমরা কৃষক সেলিম মিয়াকে সহায়তা করেছি। তিনি স্কোয়াশ চাষে লাভবান হয়েছেন। তাঁর সাফল্য দেখে অন্যান্য কৃষকরাও এই সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, স্কোয়াশ একটি বিদেশি সবজি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে এর চাষ সম্পর্কে ধারণা তুলনামূলক কম। তবে যাঁরা ইতোমধ্যে চাষ করেছেন, তাঁরা সবাই সফল হয়েছেন। তাঁদের সাফল্য দেখে অনেক কৃষক পরামর্শ নিতে কৃষি অফিসে আসছেন। স্কোয়াশ চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ব্যাপক আকারে এই সবজি চাষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ব্রকলি, ক্যাপসিকাম ও রেড ক্যাবেজসহ অন্যান্য বিদেশি সবজি চাষেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। পুষ্টিগুণের দিক থেকেও স্কোয়াশ অত্যন্ত সমৃদ্ধ বলে জানান কৃষি কর্মকর্তা। তাঁর মতে, সাধারণ কুমড়ার মতো ব্যবহার হলেও স্কোয়াশে পুষ্টিগুণ তুলনামূলক বেশি। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, বি-৬, নায়াসিন, থায়ামিন, ফলিক অ্যাসিডসহ বিভিন্ন খনিজ উপাদান। ডায়াবেটিস, হৃদরোাগ ও ক্যানসার রোগীদের জন্য এই সবজি উপকারী। নিয়মিত স্কোয়াশ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে শরীরকে সুরক্ষা দেয়।