স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে গভীর রাতে কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতের নাম বিমল সূত্রধর (৫০)। তিনি আজমিরীগঞ্জ পৌর এলাকার কুমারহাটীর বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার দিকে আহত বিমল সূত্রধরের নিজ ঘরে এ ঘটনাটি ঘটে।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিঁদ কেটে ৪/৫ জন দুর্বৃত্ত তার বসত ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাই ঘুমে ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকেই বিমল সুত্রধরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় বিমল সুত্রধরকে বাঁচাতে তার স্ত্রী শোর চিৎকার শুরু করলে বিমল সুত্রধরের ভাই ও অন্যান্যরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আহত বিমল সুত্রধরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিমল সুত্রধরের স্ত্রী কনিকা রাণী সুত্রধর জানান, ঘরে দরজা বন্ধ করে আমরা ঘুমিয়ে ছিলাম। ভোর সাড়ে ৩টার দিকে সিদঁ কেটে ৪/৫জন ঘরে প্রবেশ করে আমার স্বামীকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় আমি ভয়ে চিৎকার শুরু করলে পাশের বাড়ি থেকে আমার দেবর ও তার পরিবার বের হয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের মধ্যে ৩ জনের মুখ বাঁধা ও ১ জনের খোলা ছিল বলে তিনি জানান।