স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের চরনূর আহম্মদ (দাউদনগর) এলাকার বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহ.)-এর গজার মাছের পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘ছাগল ও ভেড়া পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় সাত দিনব্যাপী এ কর্মসূচি চলবে। এ সময় উপজেলার পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছাগল ও ভেড়াকে বিনামূল্যে প্রতিষেধক টিকা দেওয়া হবে।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক ডা. হাবিব আহমেদের নেতৃত্বে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মো. মতিউর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ (প্রাণিস্বাস্থ্য) কর্মকর্তা কানু চন্দ্র দাস উপস্থিত ছিলেন। তারা পালিত খামারিদের তিন শতাধিক ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা দেন।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।
দাউদনগর গ্রামের খামারি মো. রুবো মিয়া ও মো. মর্তুজ আলী বলেন, বর্ষার সময় ছাগল ও ভেড়ার মধ্যে পিপিআর রোগের প্রকোপ বেশি দেখা দেয়। টিকা দেওয়ার জন্য স্থানীয় চিকিৎসক ডাকলেও অনেক সময় তারা সময়মতো আসতে চান না। তবে এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা গ্রামে এসে খামারিদের ডেকে এনে বিনামূল্যে টিকা দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।
উপসহকারী প্রাণিসম্পদ (প্রাণিস্বাস্থ্য) কর্মকর্তা কানু চন্দ্র দাস বলেন, ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের’ আওতায় দেশব্যাপী পিপিআর রোগের প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ পৌরশহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পাঁচ শতাধিক খামারির ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।