স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জ জংশনসহ আশপাশের এলাকায় অপরাধীদের আনাগোনা বাড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, জংশন এলাকায় সন্ধ্যার পর থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটছে। এছাড়া পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানে চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কী কারণে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে পুলিশের কার্যকর ও নিয়মিত অভিযান না থাকায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়রা বলেন, শায়েস্তাগঞ্জ জংশনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সন্ধ্যার পর পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতির উন্নতি হবে।