স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক দুটি অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতেএসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনায়তাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি বসতবাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. কাজল মিয়াকে (২৬) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ শয়নকে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক কাজল মিয়া চুনারুঘাট উপজেলার ইনায়তাবাদ এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। এর আগে একই দিন রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার চন্দনা ঢালাইরপাড় এলাকায় একটি স’মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৯-এর আরেকটি অভিযানিক দল। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে সিএনজিসহ মো. রুবেল মিয়া (২২) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার দণি দেওরগাছ এলাকার মো. লোকমান মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং প্রযোজ্য আইনে মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।