স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। সম্প্রতি এক রোগীর স্বজন কর্তৃক দুই নারী ইন্টার্নী চিকিৎসকের ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং সামাজিকভাবে হেয় হওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করেন। এর আগে ২০ সেপ্টেম্বর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় গতকাল ২১ সেপ্টেম্বর তারা কর্মবিরতি পালন করেন। আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার কর্তৃপক্ষের সাথে আলোচনা সভার কথা রয়েছে। যদি সমাধান না হয় তাহলে তাদের কর্মবিরতি চলবে বলে জানান সংগঠনের আহ্বায়ক রিয়েল সরকার।