লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ বলেছেন সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুন সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করতে হবে।
এছাড়া সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ, ইফটিজিং বন্ধ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথাগুলো বলেন। লাখাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাট-বাজার রাস্তায় যানজট নিরসনে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, লাখাই থানার ওসি শরীফ আহমেদ, শেখ ফরিদ আহমেদ, চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, আজাদ হোসেন ফুরুক, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা প্রেসকাব সভাপতি আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পান্না আক্তার, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন প্রমুখ।