চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের দুর্গম এলাকা থেকে আনুমানিক ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তুলতে গিয়ে শ্রমিকরা একটি বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। ইউপি সদস্য চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি দুর্গম হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ পায়ে হেঁটে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। ওসি আরও জানান, বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।