স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মাকালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল বিপর্যয় এবং প্রাথমিক শিক্ষকা ব্যবস্থার ধ্বস নেমেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে মাকালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের মত করে স্কুল পরিচালনা করছেন। প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকরা প্রায় দিনই অনুপস্থিত থাকছেন। শিক্ষকরা নিয়মিত স্কুলে না আসায় বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থীও অনুপস্থিত থাকেন। শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় পাঠদান ব্যহত হচ্ছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলটির একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে সুকান্ত দাস নামে এক যুবক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মের চিত্র তুলে ধরেন। ভিডিওতে সুকান্ত বলেন-দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম রাণী দাসসহ অন্যান্য সহকারি শিক্ষকরা উপস্থিত হননি। ৮/১০জন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। এ সময় বিদ্যালয়ের দপ্তরী রিংকু চৌধুরী উপস্থিত রয়েছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, যে দিন মনে হয় শিক্ষকরা আসেন আর যে দিন মনে হয় না তারা বিদ্যালয়ে আসে না। অনেক সময় সবাই আসলেও নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয়টি ছুটি দিয়ে তারা চলে যান।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের মনযোগ সহকারে পাঠদান করাননি শিক্ষকরা। এ ব্যাপারে সুকান্ত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রায় দিনই শিক্ষকরা বিদ্যালয়ে আসেননি। যে দিন আসে ১১টায়। আবারও ২টায় ছুটি দিয়ে তারা বাসায় ফিরে যান। শিক্ষকদের অনিয়মের বিষয়টি মৌখিক ভাবে আমি ইউএনওকে জানিয়েছি। কিন্তু তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। এসব দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী।
শিক্ষার্থীর অভিভাবক অসীম দাস জানান, বিদ্যালয়টি মূলত শিক্ষকরা জিম্মি করে রেখেছেন। তারা যা করছেন সেখানে তা হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসছেন না। তাদের মনে চাইলে স্কুলে আসছেন আবারও মনে না চাইলে স্কুলে আসেনি। এতে প্রাইমারি স্কুলে শিক্ষা কার্যক্রমে ধস নেমেছে। আমরা আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। এ জন্য শিক্ষকরা যাতে নিয়মিত স্কুলে আসেন এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমি এ বিষয়টি অবগত হয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুধু মাকালকান্দি নয়, ভাটি অঞ্চলে অনেক স্কুলে শিক্ষকরা নিয়মিত ও সঠিক সময়ে স্কুলে যাচ্ছেন না এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। যেসব শিক্ষকরা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল বলে খ্যাত বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, নবীগঞ্জের কিছু এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেই সব এলাকার স্কুলগুলোর প্রাথমিক শিক্ষার করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা শহর থেকে স্কুলে আসা-যাওয়া সঠিক সময়ে করতে না পাড়ায় শিক্ষকদের পাঠদান করাতে পাড়ছেন। আবারও তারা স্কুলে এসে নিজেদের বাসায় ফেরার সময় নিশ্চিত করতে গিয়ে সরকারি সময়ের আগেই স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছেন। যে কারণে ভাটি অঞ্চলে প্রাইমারি শিক্ষায় ধস নেমেছে।