স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে স্পিনিং সাইডে কাজ করার সময় হঠাৎ কম্প্রেসার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ও এর আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।