স্টাফ রিপোর্টার ॥ মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে নগদ অর্থ সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তাঁর এই অনন্য অর্জনকে উৎসাহিত ও স্বীকৃতি দিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ১২ আগস্ট হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে ওসমান গনি মোহাম্মদের মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক। তাঁর এই সাফল্যে উৎসাহিত হয়ে জেলা প্রশাসক উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদারকে ওসমানকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য বলেন। এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসকের কার্যালয়ে ওসমান গনি মোহাম্মদ, তাঁর শিক্ষক হাফেজ সাইফুর রহমান এবং বিশিষ্ট সামাজিক কর্মী আল-আমিন সাঈফীর উপস্থিতিতে ক্ষুদে হাফেজকে নগদ অর্থ সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
এ সময় হাফেজ সাইফুর রহমান বলেন, ওসমান গনি মোহাম্মদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং জেলা পর্যায়ে সম্মাননার ব্যবস্থা করার ক্ষেত্রে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ উদ্যোগের জন্য তিনি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে ওসমান গনি মোহাম্মদ স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে। তার এই অনন্য সাফল্যকে উৎসাহিত করতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছে।