স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাত দেড়টার দিকে অলিপুর রেলক্রসিং সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে আল-বারাকা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নরসিংদীর শিবপুরের ফজলুল হক (৫৩) ও বাগেরহাট সদর এলাকার রাইজিয়া বেগম (৫০)। তাদের কাছ থেকে একটি ট্রলি ব্যাগ ও কাঁধের ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।