স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বার্গার ও কফি হাউজে অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শহরের রাজনগর, কলেজ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন খাবারের দোকান ও কফি হাউজে তরুণ-তরুণীদের আড্ডা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এ অভিযান চালায়। খবর নিয়ে জানা গেছে, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এসব রেষ্টুরেন্টে সময় কাটানোর নামে ঘন্টার পর ঘন্টা অবস্থান করে। অভিযানকালে কয়েকটি বার্গার ও কফি হাউজে গিয়ে পুলিশ উপস্থিত লোকজনের পরিচয় যাচাই করে। এ সময় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন খাবারের দোকান ও কফি হাউজে অনৈতিক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।