মাধবপুর প্রতিনিধি ॥ “শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ্ মৈত্রী রায়।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকসানা বেগম, প্রবীণ শিক্ষক মির্জা সাইফুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন আল রনিসহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।