স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে এনে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে ছেলে-মেয়েরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং একসঙ্গে গাইতে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এখনো কেমন যেন ভয় ভয় লাগে। সারা দেশে নিরাপত্তা নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য একটি ভালো ও সমৃদ্ধ জায়গা চাই। একটি নিরাপদ দেশ গঠন করতে চাই। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট অভিজিৎ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।