স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা। এ ছাড়া, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য নিরানব্বই হাজার টাকা।