স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বাইপাস সড়কের ২নং পুল, পশ্চিম ভাদৈ মডেল মসজিদের সামনেসহ নিজামপুর সড়কের বিভিন্ন স্থানে ঝোপঝাড়ের আড়ালে একটি অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব স্থানে সুযোগ বুঝে পথচারীদের মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস সড়কের ২নং পুল থেকে পশ্চিম ভাদৈ মডেল মসজিদের সামনের এলাকা এবং নিজামপুর সড়কের কয়েকটি অংশে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ঝোপঝাড় ও আগাছা বেড়ে উঠেছে। সন্ধ্যার পর এসব স্থান অনেকটা নির্জন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র সেখানে অবস্থান নেয় বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, নির্জন এলাকায় পথচারীদের গতিবিধি লক্ষ্য করে সুযোগ বুঝে তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত ঝোপঝাড়ের আড়ালে চলে যায় চক্রের সদস্যরা। এতে বিশেষ করে সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝোপঝাড়ের কারণে দিনের বেলায়ও অনেক স্থানে অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ তৈরি হয়েছে। রাতের বেলায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে প্রয়োজন ছাড়া অনেকে এসব সড়ক দিয়ে চলাচল করতে চান না।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিতভাবে ঝোপঝাড় পরিষ্কার করা হলে এবং গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হলে অপরাধীদের তৎপরতা অনেকটাই কমে আসতে পারে।
স্থানীয়রা দ্রুত এসব ঝোপঝাড় পরিষ্কার, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।