স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা গুদারাঘাট এলাকায় খোয়াই নদীর নির্মাণাধীন সরকারি বাঁধের পাশ থেকে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগে মাটি ভর্তি ৪টি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, গতকাল বিকেল ২টার দিকে রেমা গুদারাঘাট এলাকায় খোয়াই নদীর নির্মাণাধীন সরকারি বাঁধের পাশ থেকে ট্রাক্টর দিয়ে মাটি সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জলিল মেম্বারের ছেলে তারেক মিয়া ট্রাক্টরগুলো আটক করেন। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় যুবক জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি বিশগাঁও ভূমি অফিসে জানালে ভূমি অফিসের সহকারী তৌহিদুল পাঠান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। এ সময় মাটি ভর্তি ৪টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টরগুলো উপজেলা প্রশাসনের জিম্মায় দেওয়া হয়।