স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ছায়েদ আলী হত্যা মামলার এজহারনামীয় আসামী ইসমাইল মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল মিয়া বাহুবল উপজেলার সুতিন গ্রামের আজগর আলীর ছেলে। তিনি মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি বলে জানিয়েছে এসআরবি-৯। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহুবল উপজেলার পূর্ব রুপশংকর এলাকার বাসিন্দা ছায়েদ আলী দীর্ঘ ৭-৮ বছর ধরে সাতকাপন ইউনিয়নের হরহরিয়া এলাকায় জমি লিজ নিয়ে মুরগির খামার পরিচালনা করে আসছিলেন। খামার পরিচালনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। খামার সরিয়ে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ২৮ আগস্ট বিকেলে মাসুক মিয়া নামের এক ব্যক্তি ছায়েদ আলীর খামারে গিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলেন। এতে ছায়েদ আপত্তি করলে মাসুক বিষয়টি অন্যদের জানায়। পরে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে খামারে গিয়ে ছায়েদ আলীকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় ছায়েদ আলীর চাচা বাদী হয়ে বাহুবল থানায় মামলা করেন। মামলাটির তদন্তে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।