মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ ব্যাংক সিলেট এবং বানিয়াচং উপজেলার তফসিলী ব্যাংক সমূহের যৌথ উদ্যোগে লীড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ মোহাম্মদ আশরাফ সিদ্দিকী বলেন, “কৃষকরা যাতে ঋণ নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সেজন্য তাদের সঠিক সময়ে ঋণ দিতে হবে। বিশেষ করে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ কেনার সময় ঋণ প্রাপ্তি নিশ্চিত করা জরুরি।” তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ঋণের টাকা সবসময় উৎপাদনশীল খাতে ব্যবহার করতে হবে। অনুৎপাদনশীল খাতে ঋণের টাকা খরচ করলে তা একসময় কৃষকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইনের সভাপতিত্বে এবং ব্র্যাক ব্যাংক বানিয়াচং শাখার কর্মকর্তা হেলাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার ক্লাস্টারের ভিপি ও ক্লাস্টার হেড সাইফুল আলম, সোনালী ব্যাংক হবিগঞ্জ জেলা প্রিন্সিপাল ব্রাঞ্চের ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম এবং কৃষি ব্যাংকের ডিজিএম রাজীব চন্দ্র সাহা। এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন ও প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোঃ আবুল কাশেম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, কৃষক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল এবং সাংবাদিক ও ব্যবসায়ী নেতা সাহিদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা ঋণ গ্রহণে ইচ্ছুক কৃষকদের কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি ব্যাংকে যোগাযোগ করার আহ্বান জানান। তফসিলী ব্যাংকগুলোর ডিজিএমরা আশ্বস্ত করেন যে, বর্গাচাষীসহ সব ধরনের প্রকৃত ঋণগ্রহীতাদেরই কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি কোনো ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী যদি ঋণের নামে উৎকোচ (ঘুষ) দাবি করেন কিংবা কোনো প্রকার হয়রানি করেন, তবে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার জন্য তারা আহ্বান জানান।আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ১২ জন নারী ও পুরুষ কৃষকের মাঝে তাৎক্ষণিকভাবে কৃষি ঋণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।