হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র বাইরে কোচিংয়ের নামে অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণের নির্ধারিত টাকা গ্রহণ না করার অভিযোগও রয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ নির্ধারিত ২ হাজার ৪০৫ টাকা জমা দিতে গতকাল বিদ্যালয়ে যান এক অভিভাবক। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণের টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে গতকাল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আবার বিদ্যালয়ে গেলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। একপর্যায়ে বাধ্য হয়ে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ২ হাজার টাকা মিলিয়ে মোট ৪ হাজার ৪০৫ টাকা জমা দেন ওই অভিভাবক।
শিক্ষার্থীর অভিভাবক জেনি চৌধুরী বলেন, ‘আমার সন্তানের ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক নাছির স্যার তা গ্রহণ করেননি। পরে অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার পর ফরম পূরণ করতে হয়েছে।’
অভিভাবকদের প্রশ্ন, যেসব পরিবারের আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের কাছে অতিরিক্ত ২ হাজার টাকা বড় বিষয় না হলেও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এ টাকা কোথায় পাবে ? যারা কোচিং করতে আগ্রহী নয়, তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কোচিং ফি আদায় কতটা যৌক্তিক ? সরকারি কোনো নির্দেশনা কিংবা লিখিত নোটিশ ছাড়া এভাবে অর্থ আদায়ের সুযোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেবনাথ বলেন, ‘গত ১৬ নভেম্বর বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সবার সম্মতিতে কোচিং বাবদ ২ হাজার টাকা অভিভাবকেরা দিতে চেয়েছেন। তবে ইউএনও স্যার গতকাল দুপুর ১২টার দিকে আমাকে ফোন করে কোচিংয়ের টাকা না নেওয়ার জন্য বলেন। এরপর থেকে আমরা আর টাকা নিচ্ছি না। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ইউএনও স্যার অবগত নন।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘আমি প্রশিক্ষণে আছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। প্রশিক্ষণের ফাঁকে বিদ্যালয়ে যোগাযোগ করেছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।’
অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে একইভাবে কোচিং ফি আদায় করা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত উন্নতি হয়নি। গত বছরও একইভাবে টাকা নেওয়া হলেও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল না বলে দাবি তাঁদের। তিন মাস কোচিং করানোর জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার পরও যদি শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত না হয়, তাহলে এ অর্থ আদায়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অভিভাবকদের দাবি, কোচিং করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা যেতে পারে। তবে এসএসসি পরীক্ষার ফরম পূরণের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সঙ্গে কোচিং ফি যুক্ত করে তা আদায় করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।