মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। গতকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন ধরে তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর স্ত্রী মমতা বেগমকে (২৫) গত শুক্রবার দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমন্ডলে একের পর এক আঘাত করেন। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাতের কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।
এর আগে মামুনের বাবা কাউছার মিয়া জানিয়েছিলেন, ছেলের জ্ঞান ফিরছিল না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ছেলেকে বাঁচানোর আকুতি নিয়ে হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অভিযুক্ত মমতা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।