স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে ওয়াদা করেছিলাম, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি নির্বাচিত হলে হবিগঞ্জ-লাখাই সড়ক চার লেনে উন্নীত করব। আমরা সেই ওয়াদা রেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির অনুমোদন দিয়েছেন, অর্থ বরাদ্দ দিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে এবং আজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জনগণের প্রয়োজনে ও সুবিধার্থে প্রধানমন্ত্রী আরও অর্থের জোগান দেবেন বলে আশা করছি। দ্রুত কাজ শেষ করে জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে চাই।
তিনি গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুইপ জি কে গউছ বলেন, সড়কের নির্মাণকাজে কেউ যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের অসহযোগিতার কারণে যেন কাজ বন্ধ না হয়। জনগণের ভোগান্তি সৃষ্টি হয়, এমন কাজে কেউ জড়িত হবেন না।
দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জি কে গউছ বলেন, চোখ-কান খোলা রাখতে হবে, যেন কোনো কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে না পরে। বিশৃঙ্খলাকারীরা এত দিন গোপনে ছিল, এখন প্রকাশ্যে এসে গণতন্ত্রকে বাধাগ্রস্থ করতে চায়। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা যেন কেউ আওয়ামী লীগের পথ অনুসরণ না করি। আওয়ামী লীগের অপকর্মের কারণে দেশের মানুষ গর্জে উঠেছিল। সেই জন্য আওয়ামীলীগ এক সঙ্গে পুরো প্যাকেজ পালিয়েছে। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাগারে গিয়েছেন। বিগত ১৭ বছর আমরা রাজপথে ছিলাম। গুলি খেয়েছি, গ্রেফতার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাইনি। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই।
হুইপ জি কে গউছ বলেন, চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ কিংবা পরিবহন শ্রমিক হত্যা করে মানুষের হৃদয় জয় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ কারণেই ৫ আগস্ট সারাদেশের মানুষ গর্জে উঠেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট কোনো একক দলের অর্জন নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ প্রমুখ।