স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার এর প্রতিষ্ঠাতা সম্পাদক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহবায়ক ও হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলায় অবশেষে আদালতে হাজিরা দিয়েছেন আসামী ডাঃ সোলাইমান ও মেডিকেল এসিস্ট্যান্ট আল আমিন। গতকাল রোববার দুপুরে তারা হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-আমল আদালত-১ এর বিচারক মোহাম্মদ শাহেদুল আলম এর আদালতে হাজিরা দেন। 
এসময় আদালত উভয় পক্ষের শুনানী শেষে ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের ১৪ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী জামিন দেন। ছাড়াও ১৪ ডিসেম্বর আবারো পূর্ণাঙ্গ জামিন শুনানী হবে এবং একই সঙ্গে পেশ করা হবে জুডিশিয়াল একটি তদন্ত রিপোর্ট।
প্রসঙ্গত-হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক ডাঃ সোলাইমানের অবহেলা ও মেডিকেল এসিস্ট্যান্ট আল আমিন জোরপূর্বক ইনজেকশন পুশ করায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানান-গত ২৪ আগষ্ট শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। পরে চাদের হাসি হাসপাতালের ডাঃ সোলাইমান তাকে চাঁদের হাসি হাসপাতালে আসতে বলেন এবং খবর পাঠান। তবে নিজ চেম্বারে নিয়ে গেলেও চিকিৎসা প্রদানকালে গাফিলতি করেন ডাঃ সোলাইমান। একই সাথে নিষেধ থাকা সত্ত্বেও ডাঃ সোলাইমানের প্রেসক্রিপশন অনুযায়ী তার এসিস্ট্যান্ট আল আমিন গোলাম মোস্তফা রফিকের শরীরে জোরপূর্বক ইনজেকশন পুশ করে। এর পরপরই তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।
ঘটনার পর ডাঃ সোলাইমান ও আল আমিন আত্মগোপনে চলে যান। পরে এ ঘটনায় নিহতের পুত্র ব্যারিস্টার জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।