লাখাই প্রতিনিধি ॥ মাধবপুরে উচ্ছেদ অভিযানে ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিলের বেদখল হয়ে যাওয়া সাড়ে ১১ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত বিলটিতে অভিযান চালিয়ে সীমানা নির্ধারণ ও লাল নিশান টানিয়ে দেওয়া হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপ করে সরকারি ওই জমি আনুষ্ঠানিকভাবে দখলমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী জানায়, মাধবপুরের কাটেঙ্গা বিলের খাসজমি দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দখলে ছিল। বিলের শ্রেণি বদলে সেখানে বাণিজ্যিক মাছের পুকুর ও ফসলি জমি তৈরি করায় মাধবপুরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিলটি রক্ষায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি ফিরেছে মাধবপুরের সচেতন মহলে।
স্থানীয় পরিবেশকর্মী আবুল মিয়া প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একসময় এখানে শীতের অতিথি পাখি আসত। দখল ও পুকুর খননে বিলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল; এখন দ্রুত এটি খনন করা দরকার।
স্থানীয় ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, আগে এ বিলে প্রচুর দেশীয় মাছ মিলত এবং আশপাশের বনাঞ্চল থেকে পাখি আসত। মাধবপুরের এ বিল দখল ও বালু-মাটিতে ভরাট হয়ে গভীরতা কমায় দ্রুত পুনঃখনন করে প্রাকৃতিক ভারসাম্য ফেরানোর দাবি জানান তিনি।