লাখাই প্রতিনিধি ॥ চুনারুঘাটের পানছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পানছড়ির রিসোর্ট-সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্ট-সংলগ্ন ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করার পাশাপাশি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সর্বত্র অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।