রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার যুবক ফয়ছল মিয়া। বিয়ের স্বপ্ন নিয়ে ৪৫ জন বরযাত্রী সঙ্গে নিয়ে প্রায় ৫শ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়েছিলেন সুদূর রংপুরে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে বিপত্তি। কনেকে সাজানোর কথা বলে পার্লারে নেওয়ার পর বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যায় কনেপক্ষের লোকজন। এ ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে রংপুরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফয়ছল মিয়া। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ঘটনাটি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বরপক্ষের স্বজনদের সূত্রে জানা যায়, ফয়ছলের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে তার বোনের মাধ্যমে। বরের বোনের সঙ্গে কনের বড় বোনের পুর্ব থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হয়। পরে বিয়ের দিন নির্ধারণসহ আনুষঙ্গিক সব আয়োজন চূড়ান্ত করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন ফয়ছল। পরদিন রংপুর শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাদের স্বাগত জানিয়ে একটি কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের নিয়ে আসা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে যাচাইও করা হয়।
এরপর কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে বরপক্ষের দেওয়া স্বর্ণালংকার পরেন কনে। একপর্যায়ে কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য স্থানে নিয়ে যায় কনেপক্ষের কয়েকজন। পরে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের রেখে আসা হয়। এ সুযোগে স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন উধাও হয়ে যায় বলে অভিযোগ করেছেন বরপক্ষের সদস্যরা।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ফয়ছল রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন
হবিগঞ্জ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিয়ের আয়োজন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ফয়ছলসহ তার স্বজনরা। এখন স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তের অপেক্ষায় রয়েছেন তারা।
ফয়সল মিয়া জানান-আমার মতো যেন আর কেউ এমনভাবে প্রতারণার শিকার না হয়। আমি চাই তাদের যেন উপযুক্ত বিচার হয়। ফয়সল পেশায় একজন গাড়ি চালক বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ‘বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রতারক চক্র। দ্রুত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com