নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে ঘর থেকে ডেকে এনে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে এই হামলার ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত হয়েছেন নারীসহ ২ জন। আহতরা হলেন, ইসলামপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ছুরত মিয়া (৪০) এবং শাহজাহান মিয়ার স্ত্রী হাফিজা বেগম (২৫)। তাদেরকে উন্নত চিকিৎসা জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তফা মিয়া ও তার দুই পুত্র নুরুল হোসেন, আবুল হোসেন এর সাথে ছুরত মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। গতকাল শনিবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে মোস্তফা মিয়া ও তার দুই পুত্র নুরুল হোসেন, আবুল হোসেন গংরা দেশীয় অস্ত্র নিয়ে ছুরত মিয়ার বাড়িতে চড়াও হয়। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে এনে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় তাকে বাঁচাতে তার ছোট ভাই স্ত্রী হাফিজা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। হামলার ঘটনায় ছুরত মিয়ার হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তিনি গুরুতর জখম হয়েছেন। এছাড়াও হাফিজা বেগমও হাতের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ছুরত মিয়ার হাতের দুইটি আঙ্গুল কর্তন হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয় সচেতনমহল মনে করছেন, দ্রুত আইনের আওতায় না আনলে এই চক্রটি আরও বড় ধরনের অপরাধ করতে দ্বিধাবোধ করবে না।