শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুটি ব্যাগ ভর্তি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল থানার দুলালিয়া এলাকার আবু সাঈদের ছেলে মো. মনির হোসেন (৩০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বগাকৃষ্ণপুর এলাকার ইউনুস আলীর ছেলে আবু সাঈদ (৩০)। গতকাল শুক্রবার দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহ জনক ভাবে চলাচলকারী ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা গাঁজাসহ আটক দুজনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।