স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৫ লাখ টাকার অনুদানের চেক ক্ষতিগ্রস্থ ও অসহায় ৮৬ জন ব্যক্তির মাঝে বিতরণকালে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এ অনুদান অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। আর্থিক সংকটে থাকা মানুষের দুঃসময়ে এ ধরনের সহযোগিতা তাদের কিছুটা হলেও স্বস্থি দেবে। সরকারের এসব মানবিক উদ্যোগের সুফল যেন প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, হুইপ জি কে গউছ আরও বলেন, রাষ্ট্রের সম্পদ ও সুযোগ-সুবিধার ওপর সবার অধিকার রয়েছে। বিশেষ করে যারা অসুস্থতা, দুর্ঘটনা কিংবা নানা প্রতিকূলতার কারণে আর্থিক সংকটে রয়েছেন, তাদের সহযোগিতায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, সহকারি পরিচালক জামাল উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।