মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তেলিয়াপাড়া-গেইটঘর শাহপুর এলাকায় মজুত করে রাখা ২ হাজার ৩৬৫ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে বিধি অনুযায়ী জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। এ সময় তেলিয়াপাড়া-গেইটঘর শাহপুর এলাকার বিভিন্ন স্থানে মজুত করা বালুর স্তূপ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের ১৮/২০২৬ নম্বর মামলায় জব্দ করা দানাদার বালু বিধি অনুযায়ী বিক্রির জন্য নিলাম কমিটি গঠন করা হয়। পরে দুপুর ২টার দিকে গেইটঘর শাহপুর এলাকায় প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে জব্দ করা ২ হাজার ৩৬৫ ঘনফুট বালুর মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাবুল মিয়া বালু কিনে নেন। উপজেলা প্রশাসনের এ অভিযানে অবৈধভাবে বালু মজুত ও বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।