মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, বিএনপি দীর্ঘ ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে দলের অনেক চাওয়া-পাওয়া রয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে সরকার ও দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। গতকাল শনিবার বিকেলে ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র সাত মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশকে কাক্সিক্ষত উন্নয়নের পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। তিনি বলেন, বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে অর্থনীতিকে দুর্বল করে দিয়ে গেছে। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কেউ অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, তা ধরে রাখতে সরকার কাজ করছে। দেশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুল আলম। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হওয়ার পর এমপি এস.এম. ফয়সলকে গণসংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।