স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে নির্মাণাধীন মার্কেটের কাজ চলার সুযোগে সড়কের উপর পসরা সাজিয়ে ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। এতে ব্যস্ত সড়কটি সংকুচিত হয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, দাউদনগর বাজারের একটি মার্কেট বর্তমানে নির্মাণাধীন রয়েছে। মার্কেটের নির্মাণকাজ চলায় এর আশপাশের সড়ক ও ফুটপাতের ওপর বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। ফলে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সড়কের উপর ব্যবসা না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তা মানছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এসব ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এ কারণে বারবার নিষেধ করার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি বাজার এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার পাশাপাশি অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে সড়কের উপর ব্যবসা বসানোর কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যস্ত সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে সড়কের ওপর ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।