স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির গৃহিণীরা। দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় অনেক বাসায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। আবার কোনো কোনো বাসায় গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
শহরের রাজনগর, মাস্টার কোয়ার্টার, কলেজ রোড, নিউ মুসলিম কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাসের চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে গ্যাসের চাপ আরও কমে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের।
ভুক্তভোগীরা জানান, চুলায় গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে রান্না করতে দীর্ঘ সময় লাগছে। অনেক সময় চুলা জ্বালানোই সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়ে পরিবারের সদস্যদের জন্য খাবার প্রস্তুত করতে পারছেন না গৃহিণীরা। বাধ্য হয়ে অনেকে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।
রাজনগর এলাকার এক বাসিন্দা জানান, সকাল থেকে গ্যাসের চাপ খুবই কম থাকে। রান্নার সময় চুলায় আগুন থাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। আবার কখনো গ্যাস একেবারেই চলে যায়। এতে প্রতিদিনের রান্নাবান্না নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলেজ রোড ও নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দারাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, গ্যাসের চাপ কমে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
এদিকে গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়ায় শহরের কয়েকটি এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।