আলমগীর কবীর, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার চৌমুহনী এলাকার সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার, একটি বেকো মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন, নদীভাঙন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নদী ও বালুমহালগুলোতে নজরদারি করা হচ্ছে।