মাধবপুর প্রতিনিধি ॥ হাজারো মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনদ্রিায় শায়িত হলেন মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ অলিউল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাধবপুরের হোটেল হাইওয়ে ইন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাড়িয়া গ্রামে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে উপস্থিত মানুষ মরহুম হাজী অলিউল্লাহ প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে একটি শোকাবহ পরিবেশে তার মরদেহ হাড়িয়া গ্রামের পারিবারিক কবর স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মা- বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেওয়া অনেকেই হাজী অলিউল্লাহর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের কথা স্মরন করেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফয়সল বলেন, হাজী অলিউল্লাহ বিএনপির একজন একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে দলের অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, অলিউল্লাহ ছিলেন সৎ কর্মঠ ও ধৈর্য্যশীল একজন মানুষ। মানুষের সেবাকে তিনি সবসময় গুরুত্ব দিতেন। তার ব্যক্তি জীবনে কোন চাহিদা ছিলনা, অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন।
এমপি ফয়সল আরো বলেন, হাজী অলিউল্লাহর মধ্যে কোন হিংসা বিদ্বেষ ছিলনা। মানুষের প্রতি তার ছিল আন্তরিকতা ও পরোপকারী মনোভাব। রাজনৈতিক সহকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ন। তার মত একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক সহকর্মীও মৃত্যু দলের জন্য শূন্যতা তৈরি করেছে। জানাজা ও দাফন শেষে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসি। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।