চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় রেমা-কালেঙ্গা বনাঞ্চলের কালেঙ্গা রেঞ্জের আওতাধীন কালেঙ্গা বিটের কৃষ্ণচূড়া এলাকায় অবৈধভাবে দখল করা ১ দশমিক ৫ একর জমির লেবু বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ।
গতকাল (২১ নভেম্বর) শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান এবং কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় কালেঙ্গা বিটের বনকর্মী, হেডম্যান ও ভিলেজাররা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানান সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। একই সঙ্গে বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত এমন অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
বন বিভাগের এই পদক্ষেপে বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।