স্টাফ রিপোর্টার ॥ কৃষক পর্যায়ে সারের সংকট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি ঠেকাতে বিএডিসি, বিসিআইসি ও খুচরা পর্যায়ের সব সার ডিলারকে নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সঠিক পরিমাপে সার বিতরণ এবং গুদাম বা দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও জানানো হয়, বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিলারদের সতর্ক করে বলা হয়, কৃষকের স্বার্থে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য নেওয়া সহ্য করা হবে না। নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।